শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন: উজিরপুর ইউএনও

আলতাফ হোসেন অনিক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি উৎসবমুখর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন করতে সব রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত সহযোগিতা অত্যন্ত জরুরি—এমন মন্তব্য করেছেন উজিরপুর উপজেলা মানবিক ও দক্ষ নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

১১ ডিসেম্বর বেলা ১১টায় উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, “নির্বাচনী ট্রেনকে সঠিক গন্তব্যে পৌঁছাতে সবার আন্তরিক সহায়তা প্রয়োজন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বদা প্রস্তুত। তবে এ ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল ইসলাম, উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ খোকন সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হাসান, উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম রবিউল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

এছাড়াও সভায় অংশ নেন—উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন, কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পক্ষে একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মাওলা, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম রুমি, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, আনসার ভিডিপি কর্মকর্তা রহমতুল্লাহ বারি, উপজেলা সমবায় কর্মকর্তা রিয়াদ খান, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নুর হোসেন, উজিরপুর মডেল থানা পুলিশের প্রতিনিধিসহ বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে করণীয়সহ নানা দিকনির্দেশনা প্রদান করেন। নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সহযোগিতাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়।

এসময় ইউএনও আলী সুজা সকলকে সহাবস্থান, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “উজিরপুরে নির্বাচনী সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টির কোনো সুযোগ নেই। প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করবে।”

Related posts