এ এইচ অনিক, বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস-২০২৫ এবং ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী। তিনি বলেন, “বেগম রোকেয়ার আদর্শ নারীর অধিকার, শিক্ষা ও মুক্তচিন্তার শক্ত ভিত্তি গড়ে দেয়। আজকের নারীরা সক্ষমতা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস নিয়ে সমাজের প্রতিটি ক্ষেত্রে নিজেদের অবস্থান সুসংহত করছে। অদম্য নারী পুরস্কার তাদের সংগ্রাম ও সাফল্যের স্বীকৃতি হিসেবে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”
মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা খান সোনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. জুলহাস উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মাসুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. আলমগীর কবীর এবং সাংবাদিক মো. সেকেন্দার আলম প্রমুখ।
নারীর অগ্রযাত্রা, সংগ্রাম এবং সমাজে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনজন নারীকে ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ প্রদান করা হয়। তারা হলেন—
মোসাঃ স্বপ্না বেগম (সমাজ উন্নয়নে বিশেষ অবদান), তহমিনা (নির্যাতনের দুঃসময় পেরিয়ে নতুন জীবনের স্বপ্ন নির্মাণ), রওশন আরা বেগম (সফল জননী হিসেবে বিশেষ স্বীকৃতি)।
মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন দেশের পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বেগম রোকেয়ার শিক্ষা, সচেতনতা ও সমাজসংস্কারমূলক কর্মকাণ্ড আজও নারীর অগ্রগতির আলোকবর্তিকা।
অনুষ্ঠানে নারী নেত্রী, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন—এ আয়োজন নারীর উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।