আলফাডাঙ্গায় শিশু জায়ান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আলতাফ হোসেন অনিক, বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় সাত বছরের নিষ্পাপ শিশু জায়ান হত্যার প্রতিবাদে আবারও উত্তাল হয়ে উঠেছে সাধারণ মানুষ। টানা চার দফা মানববন্ধনের ধারাবাহিকতায় গতকাল বুধবার বিকেলে আলফাডাঙ্গা উপজেলার বানা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ এ মানববন্ধনে অংশ নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ ব্যানার–ফেস্টুন নিয়ে মানববন্ধনে যোগ দেন। “জায়ানের হত্যার বিচার চাই”, “দোষীদের দ্রুত গ্রেফতার করুন”, “শিশুর নিরাপত্তা নিশ্চিত হোক”-এমন স্লোগান আর প্ল্যাকার্ডে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
বক্তারা বলেন, মাত্র সাত বছরের এক শিশুকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা মানবতার ইতিহাসে নৃশংসতার দৃষ্টান্ত। এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের শোক নয়, পুরো সমাজের নিরাপত্তা ও ন্যায়বোধের প্রশ্ন। দ্রুততম সময়ে মামলার সব আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়বে বলে তারা সতর্ক করেন।
স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো সব অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি। এতে জনমনে ক্ষোভ বাড়ছে। তারা বলেন, “দোষীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে আমরা বাধ্য হবো। জায়ানের হত্যার বিচার হবেই।
মামলার তদন্ত কর্মকর্তা সুজন বিশ্বাস বলেন, এটি অত্যন্ত সংবেদনশীল মামলা। ঘটনার পর থেকেই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে আলফাডাঙ্গা থানার টিম মাঠে কাজ করছে। কেউই আইনের বাইরে থাকতে পারবে না।”
নবযোগদানকৃত ওসির প্রতিক্রিয়া
আলফাডাঙ্গা থানার নবযোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, “আমি সদ্য দায়িত্ব নিয়েছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলাই উত্তম। তবে আইনগত প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন হবে।”
মানববন্ধনে আশা- দ্রুত বিচার বাস্তবায়ন সাধারণ মানুষ জানিয়েছেন, জায়ানের হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দেখতে না পাওয়া পর্যন্ত তারা নীরব থাকবে না। মানববন্ধনে উপস্থিত অনেকেই বলেন, “এই নিষ্পাপ শিশুর জন্য বিচার পেতে আমাদের আন্দোলন চলবে। বিচার হতেই হবে।”

Related posts